ইরানের জায়গায় বিশ্বকাপ খেলা 'ইতালির জন্য হবে লজ্জার'

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ইতালিকে ইরানের পরিবর্তে সুযোগ দেওয়ার যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দিয়েছিল, তা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। ফিফা এবং ইতালি—উভয় পক্ষই এই প্রস্তাবকে অবাস্তব এবং মর্যাদাহানিকর বলে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লির এই প্রস্তাবের জবাবে ফিফা স্পষ্ট জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি অংশগ্রহণ করতে না পারে, তবে সেই জায়গাটি সংশ্লিষ্ট মহাদেশীয় কনফেডারেশনের অন্য কোনো দলকে দেওয়া হয়। সে হিসেবে ইরান যদি অংশ না নেয়, তবে সুযোগ পাবে এশিয়ান কনফেডারেশনের সংযুক্ত আরব আমিরাত। ইউরোপের দল হিসেবে ইতালির সেই সুযোগ পাওয়ার কোনো আইনি ভিত্তি নেই। 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরান যাতে স্বাভাবিকভাবে বিশ্বকাপে অংশ নিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। 

'এটি আমাদের জন্য লজ্জার'—ইতালি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন অযাচিত দয়ায় ইতালি বেশ ক্ষুব্ধ। ইতালির অর্থনীতি মন্ত্রী জানকার্লো জোর্জেত্তি কড়া ভাষায় বলেন, “আমি এটি পড়েছি এবং আমি মনে করি এটি লজ্জাজনক। এভাবে বিশ্বকাপে অংশ নিতে আমি লজ্জা পাব।” ক্রীড়া মন্ত্রী আন্দ্রেয়া আবোদি একই সুর মিলিয়ে বলেন, “প্রথমত এটি সম্ভব নয়, আর দ্বিতীয়ত এটি কোনোভাবেই শোভন নয়। যোগ্যতা মাঠেই অর্জন করতে হয়।” গত ৩১ মার্চ বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

নেপথ্যে কূটনৈতিক চাল?

বিশেষজ্ঞদের মতে, পাওলো জাম্পোল্লির এই প্রস্তাবের পেছনে ওয়াশিংটন এবং রোমের মধ্যে কিছুটা তিক্ত হওয়া সম্পর্ক মেরামতের চেষ্টা থাকতে পারে। পোপ চতুর্দশ লিও এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ট্রাম্পের কিছু সাম্প্রতিক মন্তব্য ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে ইতালিয়ানরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাঠের হারের গ্লানি তারা টেবিলের সিদ্ধান্তে ঘুচাতে চায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত