রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ করা হকারদের জন্য ছয়টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (২৫ এপ্রিল) গুলশানের এক হোটেলে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি স্পষ্ট করেছেন, নির্ধারিত এসব স্থানে নিবন্ধনের মাধ্যমে হকারদের বসানো হবে এবং নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে বাজারগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এ সভার আয়োজন করে।
ডিএনসিসি প্রশাসকের দাবি, রাজধানীতে হকারের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। আগে যেখানে একটি ফুটপাতে ২০০ হকার ছিল, এখন তা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা উদ্বেগজনক।
তার ভাষ্য, হকারদের জন্য নির্ধারিত মাঠগুলোতে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না। চৌকি বা ট্রলির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে এবং প্রতিদিনের শেষে তা সরিয়ে নিতে হবে। এতে ফুটপাত দখলমুক্ত রাখা সহজ হবে।
শফিকুল ইসলাম জোর দিয়ে বলেন, নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সাময়িক সমাধানে নির্ভর করতে দেখা যায়। টেকসই উন্নয়নের জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ লক্ষ্যে সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে একটি সমন্বিত কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
