দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতের আর্থিক সহায়তা সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)। এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের এমএসএমই খাতে আর্থিক সেবার সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের বিকাশে সম্মিলিতভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই অংশীদারিত্ব দেশের আর্থিক অন্তর্ভুক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আর. এম. নাজমুস সাকিব। চুক্তি স্বাক্ষর শেষে তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত থেকে এমএসএমই খাতের সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
