নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) ও সিরাজগঞ্জ জেলার আকনাদিঘীরচর গ্রামের শুভ মন্ডল। এদের মধ্যে একজন কৃষক, একজন ধান ব্যবসায়ী ও একজন মাছ শিকারি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মোতালেব আজ সকালে ধনু নদের জগন্নাথপুর ফেরিঘাটে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেলা ১১টার দিকে একই উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খা বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে আজ দুপুরে হাওরে ঠাৎ ঝড়-বৃষ্টির শুরু হলে ধান কাটার সময় বজ্রাঘাতে সিরাজগঞ্জের মো. শুভ মণ্ডল ঘটনাস্থলে মারা যান।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বলেন, বজ্রঘাতে নিহত তিন ব্যক্তির পরিবারকে নিয়মানুযায়ী সহযোগিতা করা হবে।