কাস্টমস কর্মকর্তা খুন ছিনতাই চক্রের হাতে, গ্রেপ্তার ৫

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম

বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকা-ের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) পাঁচজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব জানিয়েছে, ছিনতাইকারী চক্র সরকারি এই কর্মকর্তাকে হত্যা করেছে। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা চালক ও যাত্রীর ছদ্মবেশে কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের ‘টার্গেট’ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সবকিছু ছিনিয়ে নেন।’

গত রবিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি ও সুইচ গিয়ার (এক ধরনের ছুরি) উদ্ধার হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রাতে অটোরিকশা নিয়ে কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলেন। বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে গত শুক্রবার রাত ৩টার দিকে বিশ্বরোড এলাকায় আসেন। তখন গ্রেপ্তার জুয়েল তার গন্তব্য জানতে চাইলে বুলেট বৈরাগী জাঙ্গালিয়া যাওয়ার কথা জানায়। এ সময় সোহাগ ও হৃদয় তাকে অটোরিকশায় তুলে নেয় এবং পথে সোহাগ, জনি ও হৃদয় ধারালো অস্ত্র দিয়ে বুলেট বৈরাগীকে আঘাত করে। ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইলফোন, টাকা ও ব্যাগ ছিনিয়ে নেন। বুলেট বৈরাগীর সঙ্গে অপরাধীদের ধস্তাধস্তির একপর্যায়ে তাকে চলন্ত অটোরিকশা থেকে ছিনতাইকারী চক্রের সদস্যরা রাস্তায় ফেলে দেয়। মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, পরিবার সূত্রে জানা যায় বাসার কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার কথাও বলেছিলেন তিনি। কিন্তু তার আর বাসায় ফেরা হয়নি। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের  আসামি করে রবিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছেন নিহতের মা নীলিমা বৈরাগী।

জানা গেছে, বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাবুপাড়া এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। বিবিরবাজার থেকেই ১১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন ৪৪তম বনিয়াদি প্রশিক্ষণে। চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত বুলেট তার মা-বাবার একমাত্র সন্তান। তার স্ত্রী ও এক সন্তান আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত