জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম উভয় পক্ষের শুনানি নিয়ে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনকারীদের একজন মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা।
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গত ২৩ মার্চ অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৭ এপ্রিল জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ। ১১ এপ্রিল তার আরও চার দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় মাসুদ উদ্দিনকে ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
