ফাইনালে মেয়েরা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ এএম

ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপপর্ব থেকেই বিদায়ের দিনে হকিতে রূপকথার জন্ম দিয়ে এশিয়ান গেমসের বাছাই পর্বের ফাইনালে উঠেছেন বাংলাদেশের মেয়েরা।

জাকার্তার জিবিকে হকি মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নেমেই চমকে দিল বাংলাদেশ নারী হকি দল। সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলকে হারিয়ে উঠে গেছে বাছাই পর্বের ফাইনালে। খেলার দশম মিনিটে আইরিনের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও ২ মিনিট পরই সিঙ্গাপুরের চিয়া চেরি গোল শোধ করেন। ১-১ সমতায় ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই রুদ্রমূর্তি ধারণ করেন আইরিন। ৫৭ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশকে ৩-১ গোলের দুর্দান্ত জয় উপহার দেন তিনি। এর আগে হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমস নিশ্চিত করা দলটি এখন বাছাই পর্বের ট্রফি ছোঁয়ার অপেক্ষায়।

আবাহনীর করুণ বিদায়

বাঁচা-মরার লড়াইয়ে গতকাল পিডব্লিউডির কাছে ১-০ গোলে হেরে ফেডারেশন কাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের রানার্সআপ আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬৬ মিনিটে আবদুল্লাহর একমাত্র গোলটি আবাহনীর সেমিফাইনালের স্বপ্ন চুরমার করে দেয়। চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই ছিটকে যেতে হলো মারুফুল হকের শিষ্যদের।

দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেনসের সঙ্গে গোলশূন্য ড্র করে ৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে রহমতগঞ্জ। গ্রুপ ‘এ’ থেকে ব্রাদার্স ইউনিয়ন আগেই ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে পা রেখেছে। ৫ মে এলিমিনেশন ম্যাচে রহমতগঞ্জ লড়বে মোহামেডানের বিপক্ষে এবং অন্য ম্যাচে সরাসরি ফাইনালের লক্ষ্যে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত