ঢাকাবাসীরা সকালেই ঝুম বৃষ্টিতে ভিজল। হঠাৎ ঝুম বৃষ্টিতে স্বস্তি মিলেছে তবে সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সড়কে যানচলাচল করে ধীরগতিতে, তৈরি হয় জলজট ও জ্যাম।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়র দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, দুপুর ১টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।
