বেতন না পেয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ আহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে আশুলিয়া শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পাঁচ জন পুলিশ আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়া-ডিইপিজেড সড়কের  সরকার মার্কেট এলাকায় এঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম পরিচয় জানা যায়নি।  এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করে না কারখানা কর্তৃপক্ষ। তবে গত মাসের বেতন অপারেটরদের দিলেও কারখানার অন্যান্য শ্রমিকদের পরিশোধ করেনি। ফলে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড় হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। তবে শ্রমিকদের বকেয়া বেতন  অবিলম্বে পরিশোধের দাবি জানায় আন্দোলনকারীরা।

কারখানার অপারেটর লাকী  বলেন, আমাদের কারখানার প্রতি মাসের বেতন ৭-৮ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু গত মাসের বেতন সবাইকে পরিশোধ করা হয়নি। শুধু মাত্র কারখানার অপারেটরা বেতন পেয়েছে। কিন্তু কারখানার হেল্পার,আয়রন ম্যানসহ বাকিরা এখনো বেতন পায়নি। কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ না করে ১২ জানুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে। তাই আজ শ্রমিকরা কারখানার সামনে বেতনের জন্য গিয়েছিল। কিন্তু পুলিশরা শ্রমিকদের দাঁড়াতে দেয়নি। পরে কয়েক জন শ্রমিকদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আংশিক বকেয়া বেতন নিয়ে বিক্ষোভ করে আশুলিয়া-বাইপাইল সড়ক অবরোধ করে কিছু সংখ্যক শ্রমিক। পরে পুলিশ সড়কে যানচলাচল স্বাভাবিকের চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত