বাংলাদেশ : ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের দেদীপ্যমান শিখা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

বাংলাদেশ এক গভীর অনুভব, এক অনিবার্য স্পন্দন, যা বাঙালির হৃদয়ের অন্তস্তলে অনির্বাণ দীপশিখার মতো দেদীপ্যমান। এ দেশের মাটি, নদী, ভাষা, সংস্কৃতি আর স্বাধিকারের সমুজ্জ্বল ঐতিহ্য—সব মিলিয়ে এমন এক আত্মপরিচয় গড়ে উঠেছে এ জনপদের মানুষের, যা ইতিহাসের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও দৃপ্ত ও জীবন্ত।

বাংলাদেশের আত্মার গভীরে প্রবেশ করতে হলে ফিরে যেতে হয় ১৯৭১ সালের সেই উত্তাল সময়ে—বাংলাদেশের মুক্তিযুদ্ধে। একটি ভূখন্ডের ভৌগোলিক স্বাধীনতা-সংগ্রামের পাশাপাশি মুক্তিযুদ্ধ ছিল জাতির আত্মমর্যাদা, ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষার লড়াই। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহীদের আত্মদান, অসংখ্য মা-বোনের সম্ভ্রম আর সর্বস্ব ত্যাগ—সব মিলিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তার প্রতিটি বিন্দুতে লেখা রয়েছে বাঙালির অমলিন সাহস ও অদম্য ইচ্ছাশক্তির ইতিহাস।

কিন্তু এই ইতিহাসের বীজ বপন হয়েছিল আরও আগে, সুদূর অতীতে। ইতিহাসের বাঁকে বাঁকে রয়েছে নানা মাইলফলক। নিকট অতীতে যদি আসি তবে শুরুটা করতে হবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার গণতান্ত্রিক ও ন্যায়সংগত দাবিতে তরুণ ছাত্ররা বুক পেতে দিয়েছিল গুলির সামনে। সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগ শুধু একটি ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, একই সঙ্গে বাঙালির চেতনায় স্বাধীনতার আকাক্সক্ষাকে আরও তীব্র করে তুলেছিল। ভাষা তখন শুধু যোগাযোগের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছিল অস্তিত্বের প্রতীক, আত্মপরিচয়ের মূল ভিত্তি।

বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। এই ভাষাতেই আমরা স্বপ্ন দেখি, ভালোবাসি, প্রতিবাদ করি, কবিতা লিখি। এই ভাষা আমাদের কণ্ঠে উঠে আসে গান হয়ে, কবিতা হয়ে, গল্প হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যেমন আছে মানবতার সর্বজনীন আহ্বান, তেমনি কাজী নজরুল ইসলামের কবিতায় আছে বিদ্রোহের আগুন। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি এই ভাষার ওপর দাঁড়িয়ে এক অনন্য ঐতিহ্য নির্মাণ করেছে। লোকগান, বাউল, ভাটিয়ালি, জারি-সারি—সবই আমাদের গ্রামীণ জীবনের অন্তর্গত সুর, যা শহুরে জীবনের ব্যস্ততার মাঝেও এক ধরনের মাটির টান অনুভব করায়।

এই সংস্কৃতির ভেতরেই লুকিয়ে আছে আমাদের ঐক্যের শক্তি। ধর্ম, বর্ণ, ভাষাগত বৈচিত্র্য সত্ত্বেও বাংলাদেশ এক অখন্ড সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। পহেলা বৈশাখের উৎসবে সবাই একসঙ্গে নতুন বছরের সূচনা উদযাপন করে, যেখানে কোনো বিভাজন নেই—আছে শুধু আনন্দ, ঐক্য এবং নতুন স্বপ্নের আহ্বান। শুধু নববর্ষ উদযাপনের মতো অসাম্প্রদায়িক উৎসব নয়, এমনকি ধর্মীয় উৎসবও এখানে উদযাপিত হয় সম্প্রদায়-চিন্তার ঊর্ধ্বে ওঠে। আপামর মানুষ ‘হৃদয়ে বাংলাদেশ’ ধারণ করে বলেই এখানে ‘ধর্ম যার যার, উৎসব সবার’।

বাংলাদেশের ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি একে-অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছে স্বাধীনতা, ভাষা আন্দোলন দিয়েছে আত্মপরিচয়, আর সংস্কৃতি দিয়েছে সেই পরিচয়ের সৌন্দর্য ও গভীরতা। এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আমাদের জাতীয় সত্তা।

আজকের প্রজন্মের কাছে এই ইতিহাস তাদের অনুভব, দায়িত্ব ও উত্তরাধিকার। প্রযুক্তির এই  যুগে যখন বিশ্বায়নের ঢেউ আমাদের সংস্কৃতিকে নানা প্রভাবের মুখে ফেলছে, তখন প্রয়োজন নিজের শেকড়কে আরও গভীরভাবে ধারণ করা। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সাহিত্যপাঠের অভ্যাস, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাই পারে আমাদের বিশ্ব নাগরিক হওয়ার পাশাপাশি প্রকৃত বাঙালি হিসেবে গড়ে তুলতে।

‘হৃদয়ে বাংলার মুখ’ কথাটিকে শুধু একটি আবেগময় স্লোগান হিসেবে দেখি না, আমার কাছে এই বাক্যটি একটি অঙ্গীকার। যে অঙ্গীকার আমাদের মনে করিয়ে দেয়, আমরা যে স্বাধীন দেশে বাস করছি, তার পেছনে আছে অসংখ্য ত্যাগ ও সংগ্রামের গল্প। আমরা যেন আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে লালন করি, রক্ষা করি এবং আগামী প্রজন্মের কাছে তা গর্বের সঙ্গে তুলে ধরি।

প্রতিদিন হোক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, স্বদেশপ্রেমের চর্চা; হোক প্রতিনিয়ত পুনর্জাগরণ—প্রতিটি ক্ষণে থাকুক ‘হৃদয়ে বাংলার মুখ’।

মাজহারুল ইসলাম : প্রকাশক ও লেখক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত