যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিটি সংসদে তোলার দাবি জানিয়েছেন। 

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, সে বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বেশ কিছু কথা বলেছেন। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কারের বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত তুলে ধরেছেন। তিনি আরও একটি বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না। যে কারণে একটা বাণিজ্য বিরাট ঘাটতি তৈরি হয়েছে। এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের (ত্রয়োদশ) জাতীয় নির্বাচনের ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তখন বাংলাদেশের সুশীল সমাজ বারবার বলেছেন, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না। এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী। নির্বাচনের পর যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। দুঃখজনকভাবে আমরা দেখলাম, অন্তর্বর্তী সরকার শুনলো না এবং ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সরকার চাইলে এই চুক্তি ৬০ দিনের মধ্যে বাতিল করতে পারে উল্লেখ করে রুমিন ফারহানা দাবি জানান, চুক্তিটি সংসদে আনা হোক।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুমিন ফারহানাকে স্মরণ করিয়ে দেন, ৩০১ বিধি অনুসারে পয়েন্ট অব অর্ডার সংসদে চলমান বিষয়ের ওপর কিংবা শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। তিনি তার তোলা নতুন বিষয়টি বিবেচনার জন্য নোটিশ আকারে উত্থাপনের পরামর্শ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত