নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিত নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শরীরে ৭টি গুলির চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে সুরতহাল প্রতিবেদনে।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে টিটনের মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। এরপর নিউমার্কেট থানা পুলিশ তার স্বজনদের কাছে দাফনের জন্য লাশ বুঝিয়ে দেয়।
মর্গ থেকে লাশ বুঝে নেন তার বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন। তাদের বাড়ি যশোরের কোতয়ালী উপজেলায়। সেখানেই টিটনের মরদেহের দাফন করা হবে বলে জানান তিনি।
এর আগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা শাহাদাৎ। সেখানে তিনি উল্লেখ করেন, তার মাথার ডান পাশে কানের ওপরে গুলির ক্ষত চিহ্ন, কপালে বাম ব্রুর ওপরে একটি, পিঠের বাম পাশের নিচে একটি, ডান পাশের ওপরে একটি, বাম হাতের কনুইয়ে একটি ও কনুইয়ের নিচে একটি, বাম বগলের নিচে একটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। পেটের ডান পাশে কোমরের ওপরে রক্তাক্ত জখম রয়েছে।
