২০২৬ সালের পবিত্র হজের বিশাল কর্মযজ্ঞ সামনে রেখে জেদ্দা ও মদিনাসহ সৌদি আরবের সব প্রবেশপথে হজযাত্রীদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ইমিগ্রেশন সেবা নিশ্চিত করতে দেশটির পাসপোর্ট অধিদপ্তর অত্যাধুনিক বায়োমেট্রিক সুবিধা সম্বলিত ভ্রাম্যমাণ পাসপোর্ট কাউন্টার চালু করেছে।
বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে এবং বড় ধরনের ভিড় এড়াতে এই আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্টস সৌদি প্রেস এজেন্সিকে জানিয়েছে, এই বিশেষ উদ্যোগের আওতায় বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
এসব ভ্রাম্যমাণ কাউন্টার ব্যবহারের ফলে হজ পালন করতে আসা ব্যক্তিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, চেহারার ছবি ধারণ এবং পাসপোর্টের তথ্য যাচাই করার কাজ আরও দ্রুততর হবে। এর ফলে বিমানবন্দরগুলোতে হজযাত্রীদের অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে না এবং ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ডিভাইসগুলো প্রবীণ এবং শারীরিক প্রতিবন্ধকতায় থাকা ব্যক্তিদের সেবায় বিশেষ ভূমিকা রাখবে। এতে করে তাদের প্রথাগত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকার প্রয়োজনীয়তা থাকবে না।
২০২৬ সালের হজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে সৌদি সরকার ডিজিটাল অবকাঠামো ও উন্নত ব্যবস্থাপনা গড়ে তুলছে, যার অংশ হিসেবে এই বিশেষ পাসপোর্ট সেবা চালু করা হয়েছে।
হজবিধি লঙ্ঘনে অভিযান জোরদার, মক্কায় গ্রেপ্তার একাধিক বিদেশি
চট্টগ্রামের সব খালের বাঁধ ৫ দিনের মধ্যে খুলে দেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর