আজ মহান মে দিবস। বিশেষ এই দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মহিলা সমিতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে তিনটি নাটকের চারটি প্রদর্শনী। থাকছে একটি পথনাটকের মঞ্চায়ন। পাশাপাশি টিভি চ্যানেলেও রয়েছে বিশেষ অনুষ্ঠান। ১৯৮২ সালে থেকে আরণ্যক নাট্যদল নিয়মিত মে দিবস পালন করে আসছে। আজও দিনব্যাপী আয়োজন সাজিয়েছে দলটি। আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যকের দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব। এই পর্বে মে দিবসের গান, আবৃত্তি এবং ভাবনগর সাধুসঙ্গের বাউল গানের পাশাপাশি থাকছে আলোচনাসভা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। এ ছাড়া এই পর্বে মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হবে দ্বিতীয় পর্ব। সেখানে মে দিবসের গানের পর আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘রাঢ়াঙ’ নাটকটি মঞ্চস্থ হবে।
নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এই আয়োজনকে কেন্দ্র করে প্রতি বছর ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি পত্রিকা প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও প্রকাশিত হবে বিশিষ্টজনদের লেখাসংবলিত নতুন সংখ্যা। আরণ্যকের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ‘আরণ্যক শুধু নগরকেন্দ্রিক নাট্যচর্চার মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ছুটে গেছে নাটক নিয়ে তেমনি দেশের প্রতিনিধিত্ব করে বিদেশেও নাটক মঞ্চায়ন করেছে। মঞ্চনাটক, পথনাটক, মুক্তনাটক আন্দোলনসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব সময় যুক্ত থেকেছে আরণ্যক।
অন্যদিকে বাংলাদেশ মহিলা সমিতিতে বটতলা আয়োজন করেছে শিশুতোষ নাটক বন্যথেরিয়ামের দুটি প্রদর্শনী। নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৪টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে বন্যথেরিয়ামের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। মে দিবস উপলক্ষে দুরন্ত টিভি চ্যানেল প্রচার করবে একাধিক অনুষ্ঠান। তার মধ্যে বেলা সাড়ে ৩টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙ্গর তোল তোল’। এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুস্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফাত, সাম্যদ্বীপ, রিমি, সিনথী ও তন্দ্রা।