কী ঘটেছে দেখতে গিয়ে প্রাণ হারান নিরাপত্তা সহকারী 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে 'ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে' বিষক্রিয়ায় নিহত ৯ জনের মধ্যে একজন হলেন আব্দুল আলিম সুজন। তিনি প্রতিষ্ঠানটির নিরাপত্তা সহকারী (পরিবেশ)। গ্যাস ছড়িয়ে পড়ার পর তিনি কি হয়েছে দেখতে ঘটনাস্থলে ছুটে যান। এরপর একজনকে উপরে তুলে দেন। এক পর্যায়ে নিজেই বেহুঁশ হয়ে যান। পরে তারও মৃত্যু হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বড় ভাইয়ের মৃত্যুর বর্ণনা এভাবেই দেন ছোট ভাই আব্দুল আউয়াল। ভাইয়ের আইডি কার্ড দেখিয়ে দেশ রূপান্তরকে বলেন, আমার ভাই দুই বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করেন। বিষক্রিয়ার পর তিনি সেখানে ছুটে যান। একজনকে উপরে তুলেও দেন। এরপর নিজেই অচেতন হয়ে মারা যান। 

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এসময় বিষক্রিয়ায় নয়জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, দুই সহোদর মোঃ মনসুর আলী ও মোঃ নাসির উদ্দীন, পলাশ জলদাস, সানি জলদাস, খোকন মিয়া, আব্দুল আলিম সুজন, হাবিবুর রহমান, মতিউর রহমান। অপর একজনের পরিচয় জানা যায়নি। নিহতদের আটজনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরজনের মরদেহ বেসরকারি একটি হাসপাতালে রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত