মালিবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ শ্রমিক আহত

আপডেট : ০১ মে ২০২৬, ১১:৪৭ পিএম

রাজধানীর মালিবাগ ইবনে সিনা হাসপাতালের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ কারখানা শ্রমিক আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলো, করিমন (১৭), নবী (১৬) ও রিফাত (১৮)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে আসা পরিচিত মাহফুজুর রহমান জানায়, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডে একটি পোশাক কারখানায় কাজ করে। থাকে সেই কারখানাতেই। আর নবী থাকে ও কাজ করে সাইনবোর্ডে। বন্ধের দিন থাকায় আজ ওই ৩ জন দেখা করতে মালিবাগে এসেছিল।

মালিবাগ ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত সুইচ গিয়ার দিয়ে করিমনকে আঘাত করে ফোন ছিনিয়ে নেয়। তখন আশপাশের লোকজন ঘাতকদের মধ্যে একজনকে ধরে মারধর করে। এর কিছু সময় পর পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা আরও কয়েকজনকে নিয়ে এসে এলোপাথাড়ি বাকি দুজনকে ছুরি মেরে আটকে রাখা ঘাতককে ছাড়িয়ে নিয়ে যায়।পরবর্তীতে খবর পেয়ে আহত ৩ জনকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের ৩ জনেরই পেটে ছুরিকাঘাত রয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত