কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ সজীব বেপারী (২৩) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মরিচ্যা যৌথ বাহিনীর চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটক সজীব ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নাই গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮-এপিবিএন-এর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবি ও এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মরিচ্যা চেকপোস্টে অভিযান পরিচালনা করেন। এসময় একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে সজীবের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হলে সেখানে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে অভিযুক্ত সজীবের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা গেছে, উশৃঙ্খল আচরণ, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মাত্র ১৫ দিন আগে তাকে উখিয়ার পানবাজার ক্যাম্প থেকে প্রত্যাহার করে ৮-এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এমনকি তাকে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না মর্মে শোকজও করা হয়েছিল। এর মধ্যেই গত ৩০ এপ্রিল বাবার অসুস্থতার অজুহাত দেখিয়ে ৫ দিনের ছুটি নিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেছিলেন।
এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, সজীব ছুটি নিয়ে যাওয়ার পর শুক্রবার রাতে তারা তার আটকের খবর পান। তিনি আরও জানান, সজীবের বিরুদ্ধে অতীতেও নানা অনিয়মের অভিযোগ ছিল। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে এবং মাদক পাচারে জড়িত থাকায় তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
