খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের বিকাশ ঘটবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:১৩ এএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে তাদের মেধা ও মননের বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরবে—এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় আরও এগিয়ে থাকবে, সেই প্রত্যাশা রইল। 

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে সারাদেশে এ ধরনের আয়োজন শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভাবান উঠে এসেছিল। আজ তারই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সারাদেশে মেধাবীদের খুঁজে বের করছেন। বিশ্বের খেলাধুলায় আমাদের ন্যায্য হিস্যা আমরা পাইনি। সেই অবস্থার পরিবর্তন করে আমাদের সন্তানরা যাতে আন্তর্জাতিক মানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক অবক্ষয় দেখা গিয়েছিল এবং অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছিল। পূর্ববর্তী সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে তরুণদের জীবনমান উন্নয়নে কাজ করছে। আনন্দের মধ্য দিয়ে শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে।

মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা কার্যক্রম শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদপুর জেলা ওই কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত