কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন (৮) উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ তার বাবার সঙ্গে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদরাসা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ভাঙাচোরা অংশে মোটরসাইকেলটি ঝাঁকুনি খায়। এতে খালিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর খালিদের বাবা শিশুটির রক্তাক্ত দেহ নিয়ে বাড়ির দিকে চলে যান বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো. আবু সাঈদ বলেন, গত সপ্তাহে খালিদের বাবা মাদরাসাটিতে অফিসিয়াল কাজে যোগ দেন। সে সময় খালিদও বাবার সঙ্গে যাতায়াত করত। তবে সে মাদরাসাটিতে ভর্তি হয়নি। আজ সকালে মাদরাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে: সালাম পিন্টু