এআইইউবিতে এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে অত্যাধুনিক এআই সুপারকম্পিউটিং ল্যাব রবিবার (৩ মে ) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধন করা হয়েছে। এদিন যৌথভাবে এআই সুপারকম্পিউটিং ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান এবং প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, রেজিস্ট্রার, পরিচালক ও বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই অত্যাধুনিক ল্যাবে এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রক্রিয়াকরণে সক্ষম।

এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা বৃহৎ পরিসরের এআই মডেল যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ফলে শিক্ষার্থীদের এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন সহজ হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সোভরেইন এআই’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে, যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে।

পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি এবং বস্ত্রশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে গবেষণায় এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে এআইইউবি দেশের এআই গবেষণা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা, এআই উন্নয়নকে উৎসাহিত করা এবং বিশ্বমানের কম্পিউটেশনাল সুবিধার মাধ্যমে ভবিষ্যৎ উদ্ভাবকদের সক্ষম করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত