অভিভূত রওনক-মম

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:০১ এএম

আগামী ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য আবারও নাটক পরিচালনায় ফেরেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। নির্মাণ করেন বিশেষ নাটক ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্পের চিত্রনাট্য করেছেন আবুল হায়াত নিজেই। এই অভিনেতা-পরিচালক বলেন, ‘নাটকে পেয়ার উদ্দিন চরিত্রে অভিনয় করেছে রওনক হাসান, আর চুমকি চরিত্রে অভিনয় করেছে জাকিয়া বারী মম। পেয়ার উদ্দিন একজন ইঞ্জিনিয়ার, চুমকি একজন আর্কিটেক্ট। তারা দুজন একে অপরের খুউব ভালো বন্ধু। কিন্তু কেউ কখনো কাউকে বলেনি একে অপরকে ভালোবাসার কথা। দুজনই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘আমি যখন প্রথম নাট্যদল নাগরিকের সঙ্গে যুক্ত হই, তখন হায়াত ভাই বলেছিলেন একজন অভিনেতাকে সবার আাগে একজন ভালো মানুষ হতে হয়। এর পর থেকে সেভাবেই ভাবতে শিখেছি, চেষ্টা করেছি একজন ভালো মানুষ হতে। হায়াত ভাই অসাধারণ একজন অভিনেতা, তার লেখা ও নির্দেশনায় কাজ করতে পারাও অনেক বড় একটি বিষয়। তার সঙ্গে কাজ করাটা ভীষণ আনন্দের। তার লেখা চমৎকার সংলাপ আমাকে অভিভূত করে এবং নাটক নির্মাণের সময় ডিটেইল ধরে ধরে অভিনয় আদায় করে নেন, তাতে প্রতিনিয়তই শিখি তার কাছ থেকে।’

জাকিয়া বারী মম বলেন, ‘একজন আবুল হায়াত হচ্ছেন সেই অভিনেতা যাকে সারা জীবন আমি বাবার চরিত্রে অভিনয় করতে দেখেছি, বলা যেতে পারে সারা জীবন বাবার চরিত্রে অভিনয় করেও তিনিই সত্যিকার অর্থে হিরো। আমার কাছে মনে হয় এটাই তার সারা জীবনের অভিনয়ের ক্ষেত্রে ইউনিক একটি বিষয়। আমাদের একজন আবুল হায়াত আছেন সে জন্য আমরা সৌভাগ্যবান। চাচা এত দারুণ একজন শিল্পী ও ভালো মানুষ, যার কাছে আমি ধৈর্য ও যতেœর পাশাপাশি অভিনয়ও শেখার চেষ্টা করেছি। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, আবার তারই নির্দেশনাতেও কাজ করার সুযোগ হয়েছে। তিনি এত সিনিয়র হয়েছেন কিন্তু তারপরেও নিজের কাজে একটুও আলসেমি নেই তার। তার কাজকে তিনি ভীষণ ভালোবাসেন এবং অনেক সংগ্রামের পর, কষ্টের পর, শ্রম, সাধনার পর তিনি আজ আমাদের বটবৃক্ষ হয়ে মাথার ওপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত