লিওনেল মেসির বাবা, পথপ্রদর্শক, এজেন্ট হোর্হে মেসি কদিন আগে মৃত্যুবরণ করেছেন। তাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট লিখেছেন আর্জেন্টিনা কিংবদন্তি। এখানে তা তুলে ধরা হলো:
বাবা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন, আমি এটা বিশ্বাসই করতে চাই না। তোমাকে আর দেখতে পাব না, তোমার সঙ্গে কথা হবে না ভাবতেই কষ্ট হচ্ছে। আমি জানি তুমি কষ্টে ছিলে এবং চলে যাওয়াটাই হয়তো তোমার শান্তির ছিল, কিন্তু তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও অনেক কিছু উপভোগ করার বাকি ছিল।
তোমাকে ছাড়া আমি কী করব, জানি না। কীভাবে সামনে এগোব, তা-ও বুঝতে পারছি না। আমি কেবল ফুটবলটাই খেলতাম, আর এখন তোমাকে ছাড়া সেই ফুটবলটা আর কতদিন চালিয়ে যেতে পারব, তা নিয়ে আমার মনে গভীর সন্দেহ আছে। একদম শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে, পথচলার শেষটা তো আর খুব দূরে ছিল না! আর কিছুটা সময় কেন তুমি ধৈর্য ধরে সঙ্গে থাকলে না? কেন আমরা একসঙ্গে শেষটা করতে পারলাম না?
তুমিই আমাকে গত বিশ্বকাপে খেলার জন্য বারবার তাগিদ দিয়েছিলে। কিন্তু বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই তোমার অবস্থা সবচেয়ে খারাপের দিকে যায়। এই প্রথম কোনো টুর্নামেন্টে তুমি আমার পাশে ছিলে না। মা আমাকে বলেছিলেন, তুমি সুস্থ হয়ে যাবে এবং ভ্রমণের মতো ফিট হবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমরা ফাইনালে উঠব যেন তুমি এসে দেখতে পারো। প্রতিটি ম্যাচ শেষে আমি তোমার মেসেজের অপেক্ষায় থাকতাম, কিন্তু মেসেজ আসত না তখনই বুঝতে পেরেছিলাম অবস্থা আসলেই মারাত্মক। তারপরও আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত যাওয়ার, যেন তোমাকে একটা ম্যাচ দেখার সুযোগ দিতে পারি। আমরা ফাইনালে উঠলাম, কিন্তু তুমি আসতে পারলে না। আমি জিততে চেয়েছিলাম যেন তোমার হাতে কাপটি এনে তুলে দিতে পারি। কিন্তু আমি পারিনি; শরীর আর সাই দিচ্ছিল না।
ছোটবেলা থেকেই তুমি কাজ থেকে ফিরেই আমাকে অনুশীলনে নিয়ে যেতে। কাজের কারণে তুমি না পারলে মা নিয়ে যেতেন। তুমি আমার একটি ম্যাচও মিস করোনি। ম্যাচ দেখার সময় তুমি কতটা যে কষ্ট পেতে আর উপভোগ করতে! মুখে কখনোই খুব বেশি প্রশংসা করতে না। কিন্তু তুমি একাধারে ছিলে আমার বাবা, বন্ধু এবং এজেন্ট। যখন যার ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, তুমি ঠিক সেটাই হতে এবং কখনোই ভুল করতে না। টুকটাক তর্ক বা অভিযোগের ঊর্ধ্বে গিয়ে দিনের শেষে তোমার কথাই সত্যি হতো।
তোমাকে খুব মিস করব, বাবা। তবে আমার সন্তানদের বেড়ে ওঠার মধ্যে তুমি সবসময় বেঁচে থাকবে, কারণ তুমি যেভাবে আমাকে বড় করেছ, আমিও ওদের সেভাবেই গড়ে তুলছি। ওখান থেকে আমাদের ওপর নজর রেখো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।