প্রেমের বিচ্ছেদে ৪৬০ ফুট উঁচু টাওয়ারে যুবক, নাটকীভাবে বাঁচল প্রাণ

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:১৩ এএম

মাদারীপুর জেলার শিবচরে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে ৪৬০ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারে উঠে অনশন করেন এক যুবক।

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর চরম হতাশায় পড়ে আত্মহত্যার উদ্দেশ্যে ওই যুবক টাওয়ারে উঠে পড়েন। টানা সাড়ে ৪ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও স্বজনদের প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

রবিবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবক হাসান শিকদার (২২) শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রেম বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে হাসান বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে উঠে যান। সেখান থেকে তিনি প্রেমিকাকে ফোনে যোগাযোগ করে সম্পর্ক পুনরুদ্ধারের দাবি জানান এবং তাকে ঘটনাস্থলে আসতে বলেন। অন্যথায় লাফ দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করে। একই সঙ্গে হাসানের এক ঘনিষ্ঠ বন্ধু ঘটনাস্থলে এসে টাওয়ারে উঠে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ সময় বোঝানোর পর রাত সাড়ে ১০টার দিকে হাসান তার বন্ধুর সহায়তায় নিচে নেমে আসেন। পরবর্তীতে পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত