সারা দেশের ন্যায় ফেনীতেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এখনও বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খন্দকার ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান বাবু। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এইচ আজাদ মালদার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, সাপ্তাহিক ফেনীর সংবাদ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত নাগ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, চ্যানেল আই ও দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক কালের কন্ঠ সোনাগাজী শেখ আবদুল হান্নান ও ঢাকা পোস্ট এর ফেনী জেলা প্রতিনিধি তারেক চৌধুরী প্রমুখ। এসময় ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা ও সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশীদসহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক বণ্যাঢ্য র্যালী ফেনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে সাংবাদিক হওয়ার সুযোগ যেমন আছে তেমনি সাংঘাতিক হওয়ারও সুযোগ রয়েছে। আপনি কোনটি হবেন সেটির সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সেটার জন্য প্রতিদিনই আপনাকে তৈরি হতে হবে। আর্থিক চাহিদা মাথায় নিয়ে সাংবাদিকতায় আসবেন না। কারণ মাথায় আর্থিক ক্রাইসিস থাকলে ভালো সাংবাদিক হওয়া যায় না।
প্রধান অতিথি ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, এক সময় মানুষ সাংবাদিকদের অনেক সম্মান করতো ও গুরুত্ব দিতো। কিন্তু সাংবাদিকদের বিভাজন এবং মিডিয়া হাউসগুলো এক শ্রেণির ভূমিদস্যু লুটেরার দখলে থাকার কারণে দিনদিন সাংবাদিকদের সম্মান কমছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকুরী না করে নিজেদেরই মিডিয়া হাউস তৈরি করতে হবে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক অনেক স্বাধীনতাভাবে কাজ করছে। মুক্ত ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।