রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) দিবাগত রাত ১০টার দিকে ডেমরার বড়ভাঙা বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ডালিমুন নেছা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। রবিবার রাতে কাজ শেষে ডেমরা সারুলিয়ায় নিজ ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত ডালিমুন নেছার গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে তিনি ছেলের সাথে ডেমরা এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছেলে সোহরাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পর ঘাতক মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
তিনি আরও জানান যে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
