দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ১৮০ দিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সাভার পৌরসভায় উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামসিং সোলাইমান মার্কেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। কর্মসূচির আওতায় জামসিং এলাকায় পর্যায়ক্রমে ১৩০টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
