ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেতে যাচ্ছে বিজেপি। ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ২০৫ আসনে। সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়, যা বিজেপি অনেক আগেই নিশ্চিত করেছে।
নির্বাচনে বিজেপির এই অভাবনীয় সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় এক স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’।
তিনি লেখেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মানুষের শক্তিই জয়ী হয়েছে এবং সুশাসনের রাজনীতি সফল হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।
তিনি আরও লেখেন, মানুষ বিজেপিকে এক অসাধারণ জনসমর্থন দিয়েছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা করবে। আমরা এমন একটি সরকার গঠন করব, যা সমাজের সব স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
