সবার শুভকামনায় থাকতে চাই

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৩৮ এএম

অধরা খান। দেশীয় চলচ্চিত্রে হঠাৎ করে ঝলসে ওঠা একটি নাম। শুধু দর্শকমহলেই নয়, সুন্দর মুখশ্রী, মিষ্টভাষী, শান্তশিষ্ট স্বভাবের দরুন সিনেমাপাড়াতেও ভদ্র মেয়ে হিসেবে পরিচিত তিনি। এ ছাড়া আর্তমানবতার সেবার জন্যও প্রশংসিত তিনি। মাঝখানে বেশ কিছুদিন কানাডায় ছিলেন এই লাস্যময়ী। সেখানে অবস্থানকালেই তিনি কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে সাড়া পান। পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে তিনি যুক্ত হয়েছেন কানাডার চলচ্চিত্র ও বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সঙ্গে। ভ্রমণপিপাসু এই তরুণ নায়িকা সম্প্রতি দেশে ফিরেছেন। আজ তার জন্মদিন। বিশেষ দিন, চলমান সময় ও নানা বিষয়ে গতকাল সোমবার তার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর বিপ্লব

জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা?

সত্যি বলতে, জন্মদিন নিয়ে বিশেষ কোনো উচ্ছ্বাস কাজ করে না মনে। বিশেষ কোনো পরিকল্পনাও থাকে না। এবারও তার ব্যতিক্রম নয়। খুব সাদামাটাভাবেই দিনটা পালন করব। কেক কাটা হবে কি না তাও বলতে পারছি না। একজন আর্টিস্ট হিসেবে সবাই সেলিব্রেট করেন এটা খুব ভালো লাগে।

গতবার তো কানাডায় ছিলেন। সেখানে কীভাবে কাটত?

কানাডাতেও একই রকম কেটেছে। তবে দেশের চেয়ে বিদেশের মাটিতে শুভেচ্ছা কম পেয়েছি। কারণ দেশে থাকলে বরাবরই তুলনামূলক বেশি শুভেচ্ছা বিনিময় হয় সবার সঙ্গে। তবে সামাজিক মাধ্যমে ঠিকই চলচ্চিত্র পরিবার ও কাছের মানুষরা শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অগ্রিম শুভকামনাও জানিয়েছেন। এবারও তেমনটাই হচ্ছে। এই অনুভূতি অনেক মধুর। এভাবেই আজীবন সবার শুভকামনায় থাকতে চাই।

এই বৃষ্টি-বাদলের দিনে দেশে এসে কেমন লাগছে?

দেশে ফেরা যেকোনো নাগরিকের কাছেই অন্যরকম এক উন্মাদনা, ভালো লাগার ব্যাপার। খুব ভালো হয়েছে এমন সময় দেশে আসতে পেরে। আর বৃষ্টি আমার খুব পছন্দ। অনেক ভালো লাগছে এমন সময় দেশে আসতে পেরে। মন ভরে বৃষ্টি উপভোগ করতে পারছি। গত একটা বছর বৃষ্টি খুব মিস করেছি। কানাডাতেও বৃষ্টি হয়, কিন্তু সেখানে প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারণে বৃষ্টি ওইভাবে উপভোগ করতে পারিনি।

আবার কবে যাবেন কানাডায়?

আবার যাব। আর গেলেও হয়তো সেভাবে লং টাইম থাকা হবে না। বছরে দু-তিন বার যাব। আর সত্যি বলতে সেখানে কবে যাব, সেটাও এখনো স্পষ্ট করে বলতে পারছি না। 

দেশে এসে কোনো কাজের কথাবার্তা চলছে?

না, কাজ এখনো শুরু করিনি। দেশে আসার পর বিভিন্ন প্রোগ্রামে যেতে হচ্ছে। তাছাড়া কিছুটা অসুস্থও হয়ে পড়েছিলাম। আরও কিছুদিন যাক। আর দেশের পরিস্থিতি আরও একটু স্থিতিশীল হোক। তারপর দেখেশুনে কাজ হাতে নেব।

আপনার ‘দখিনো দুয়ার’ এবং ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি কবে মুক্তি পেতে পারে?

দুটি সিনেমারই কাজ শেষ হয়ে গেছে অনেক আগেই। ঋতুকামিনী সিনেমার পরিচালক জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, চলতি বছরেই এটি মুক্তি পেতে পারে। আর অন্য সিনেমা ‘দখিনো দুয়ার’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে সিনেমাটির পরিচালকই ভালো বলতে পারবেন। দুটি সিনেমার মুক্তির জন্যই মুখিয়ে আছি আমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত