২০৮ প্রবাসী জুলাইযোদ্ধা

২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫৯ এএম

জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে নাÑ এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। প্রবাসী কল্যাণ সচিব, জুলাই ফাউন্ডেশনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচএম সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ২০৮ জন বাংলাদেশি আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থানকালীন জুলাই আন্দোলনকে সমর্থন করে মিছিল করেন। এদের  মধ্যে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন। পরে এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়ায় তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। ফলে অনেকে খালি হাতে ফেরত আসেন।

এই আইনজীবী বলেন, দেশে ফেরা এই জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণ দিতে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জুলাই ফাউন্ডেশনে আবেদন করেছিলাম। কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি। এর ধারাবাহিকতায় এ রিট আবেদনটি করা হলে হাইকোর্ট রুল দিয়েছে। একই সঙ্গে তাদের ক্ষতিপূরণের বিষয়ে যে আবেদনটি করা হয়েছিল, সেটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত