সীমান্তে পুশইন হলে ব্যবস্থা

পররাষ্ট্রমন্ত্রী চীন গেলেন

আপডেট : ০৬ মে ২০২৬, ০২:৫৫ এএম

ভারত থেকে সীমান্তে ‘পুশইন’-এর কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় প্রদেশগুলোয় বিধানসভার নির্বাচনে বিজেপি বিজয়ী হওয়ার প্রেক্ষাপটে দেশটি থেকে  ‘পুশইন’-এর কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন, আমরা কড়া প্রতিবাদ করেছি। এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।’

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিরোধী ভারতীয় জাতীয় পার্টি (বিজেপি) প্রাদেশিক সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অনেক নেতার এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ^ শর্মার অনেকটা নিয়মিত বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্য পরিচিতি রয়েছে।

অন্যদিকে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ কিছু দিন পরপর সেখানে ‘অবৈধভাবে’ অবস্থানের ‘অজুহাতে’ অনেক ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

এদিকে পররাষ্ট্র হিসেবে প্রথমবার সরকারি সফরে গতকাল চীন গেলেন খলিলুর রহমান। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিন দিনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে তিনি ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও  বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারগুলোর সম্ভাব্য সমন্বয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

চীন সরকার জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যকার ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের’ কাঠামোর আওতায় পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, বিভিন্ন খাতে বিনিময় ও বাস্তবমুখী সহযোগিতা জোরদার করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে’ (বিআরআই) আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছে চীন।

খলিলুর রহমান চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত