আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগের দুই যুগ আগে এ মামলাটি হয়। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার সময়ের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কাউকে চিনতে পারেন না। তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম তিনি। তার মানসিক অবস্থা পরীক্ষাসহ অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন আইনজীবী। আদালত আবেদন নামঞ্জুর করে আগামীকাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
এ মামলার অন্য দুই আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেন। মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দিচ্ছেন। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এ মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ‘ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেড’র প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে বলা হয়েছে। মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।
