রাজশাহী উন্নয়ন কর্র্তৃপক্ষের (আরডিএ) ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির নিলামের টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গত ২০ এপ্রিল চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়। নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকাল সাড়ে ৯টার দিকে একদল নেতাকর্মী উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই অতর্কিতে টেন্ডার বাক্সটি নিয়ে চলে যান। কিছুক্ষণ পর টেন্ডারবাক্সটি ফেরত দিয়ে যাওয়া হয়। নির্ধারিত সময় পর্যন্ত মোট ৯টি দরপত্র জমা পড়েছে বলে জানা গেছে। দরপত্রগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই দুর্বৃত্তরা বাক্সটি নিয়ে যায় এবং পরপরই আবার দিয়ে গেছে।
এ ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেনÑ নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। তাদের ২৪ ঘণ্টার মধ্যে নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
