পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ হোসেন মাহিরের অপহরণের পর খুন করে লাশ মাধবপুরে ফেলে রেখেছিল ঘাতকচক্র। গতকাল মঙ্গলবার তার লাশ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে প্লাস্টিকে মোড়ানো মরদেহটি পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা-পুলিশের একটি দল মাধবপুর থানা-পুলিশ সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহত ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল মাহির নিখোঁজ হলে ২ মে তার বোন বাদী হয়ে বাড্ডা থানায় এজাহার (নম্বর ৩) দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই হানিফ অভিযান চালিয়ে মৃদুল সরকার (২০) নামে একজনকে আটক করেন।মৃদুলের স্বীকারোক্তিতে হত্যা ও গুমের রহস্য উন্মোচন হয়।
মৃদুল জানায়, ওই দিন মোবাইল বিক্রির কথা বলে ঢাকার আফতাবনগর এলাকায় ফরহাদকে নিয়ে আসে এজাহার নামিয়ে আসামি রাকিবসহ সঙ্গীরা। একটি বাসায় আটকে রেখে শারীরিকভাবে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়। লাশ গুম করতে ১ মে একটি প্রাইভেটকারে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকায় এনে ফেলে রাখা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে নারী সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আসার চেষ্টা চলছে।
