সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রায়গঞ্জ পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) ভোররাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ধানগড়া এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম শেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানা ভাবে হুমকি দেওয়া হয়। এরপর গত ২ মে ভোরে ব্যবসায়ী মাহবুবুল আলম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এছাড়া তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে নিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে তার পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় একটি ক্লিনিক এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানায়, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে এর আগেও একাধিক চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে।
জাল সিল-স্বাক্ষরে ভবন নকশা: ফেনীতে কথিত ইঞ্জিনিয়ার গ্রেপ্তার