ঝালকাঠিতে সন্ত্রাসী হামলায় দেশ রূপান্তর প্রতিনিধি আহত

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৪৩ এএম

ঝালকাঠির রাজাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দেশ রূপান্তরের প্রতিনিধি মো. মঈনুল হক লিপু (৪৫)। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাইপাসসংলগ্ন শরিফবাড়ির সামনে এলাকার চিহ্নিত মাদক কারবারি শান্ত সিকদারের বাহিনী লিপুকে কুপিয়ে আহত করে। লিপু রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার প্রয়াত আজিজুল হক মাতŸরের ছেলে।

এ ঘটনায় লিপু বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, দুদিন আগে এলাকার একটি বাসা থেকে পানি তোলার একটি মোটর ও পাইপ চুরি হয়। মঙ্গলবার সকালে ওই বাসার মালিক ও স্থানীয়রা চোরচক্রের সদস্য রাকিবকে আটক এবং তার দেওয়া তথ্যে উপজেলার নৈকেঠি এলাকা থেকে সেই চোরাই মাল উদ্ধার করে। বাসার মালিক সাংবাদিক লিপুকে খবর দিলে তিনি গিয়ে রাকিবের বক্তব্য শোনেন এবং তার কাছ থেকে চুরির সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে জানতে পারেন। এরপর বাড়ির মালিক চুরির সঙ্গে জড়িত অন্যদের রাস্তায় দেখতে পেয়ে তাদের আটক করেন এবং ফের লিপুকে ফোন করে জানান। লিপু মোটরসাইকেলে করে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে মাদক কারবারি ও মাদকাসক্ত মো. শান্ত সিকদার, মো. রিজন সিকদার, মো. শাকিল সিকদার, মো. সাকিব সিকদারসহ আরও পাঁচ-ছয়জন বগিদা-রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে লিপু ডান হাতের কনুইয়ের নিচে ও ঘাড়ের ওপরে কোপ লেগে রক্তাক্ত জখম হন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা লিপুকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্তরা চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি। এ ছাড়া এরা একটি সন্ত্রাসী চক্রও গড়ে তুলে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছেন।

লিপু জানান, ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা চাপাতি ও রামদা বের করে কোপানো শুরু করে। ওরা এমন ঘটনা ঘটাবে জানতে পারলে আমি অবশ্যই লোকজন সঙ্গে নিয়ে আসতাম।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় আহত সাংবাদিক লিপু বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত