নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় শ্রেণিতে এই ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলো প্রাঞ্জল ও জাহানারা। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব বলেন, ক্লাস চলাকালে হঠাৎ ওপর থেকে ফ্যানটি খুলে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এই ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। নতুন ভবন নির্মাণ অতি জরুরি।
স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, অনেক দিন ধরেই স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবনের জন্য আবেদন করেছি।
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই, এই বিষয়ে খোঁজ নিচ্ছি।
