পবিত্র হজ সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কমপক্ষে ১০ দিন আগে সব প্রয়োজনীয় টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এতে বলা হয়, হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিপুল জনসমাগমে সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টিকা শরীরে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিছু সময় নেয়, তাই শেষ মুহূর্তে নয়, আগেভাগেই টিকা নেওয়া জরুরি।
চলতি বছরের হজে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক বা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মেনিনজাইটিস, কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা। হজের সময় অতিরিক্ত ভিড়ের কারণে এসব সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, যা প্রতিরোধে টিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একাধিক টিকা একসঙ্গে অথবা আলাদাভাবে নেওয়া যেতে পারে।
এসব টিকা আন্তর্জাতিক মানদ-ে নিরাপদ এবং গর্ভবতী নারীদের জন্যও অনুমোদিত।
সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন : হজ পালনের উদ্দেশ্যে এবার বাংলাদেশ থেকে পরিচালিত ১২০টি হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন।
গতকাল বুধবার হজ বুলেটিনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
হজ অফিসের তথ্যানুযায়ী, এবার মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু : বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে প্রকাশিত হজসম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সবশেষ গত মঙ্গলবার মোছা. নিলুফা বেগম (৫৭) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। মৃত ১০ জনের মধ্যে মক্কায় আটজন এবং মদিনায় দুজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
