দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দীর্ঘ ১০ বছর পর ভেঙে গেল মাশরাফি বিন মুর্তজার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বিকেএসপির ক্রিকেটার্স একাডেমি মাঠে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৯ বলে তিন অঙ্গে পৌঁছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে রেকর্ড গড়া দিনেও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তার দল আবাহনীকে।
মোসাদ্দেকের এই সেঞ্চুরির আগে এবার লিগে প্রথম সেঞ্চুরি করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপফেরত তরুণ সামিউন বাশীর রাতুল। বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্যুতি ছড়িয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিজের ষষ্ঠ লিস্ট ‘এ’ ম্যাচে এসেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। রাতুলের ৭০ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংসে (১০ চার ও ৬ ছক্কা) ভর করে রূপগঞ্জ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৮ রানের পাহাড় গড়ে। মাত্র ৬৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই তরুণ। জবাবে বসুন্ধরা স্ট্রাইকার্স ২৭৫ রানেই গুটিয়ে গেলে ৮৩ রানের জয় পায় রূপগঞ্জ। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান রাতুল।
