মেসির গোল যেন পিকাসোর নিখুঁত শিল্পকর্ম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম

লিগস কাপের ম্যাচে বাতাসে ভাসমান বলটিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির করা নান্দনিক ভলিটি যেন সেই সৌন্দর্যকেই মনে করিয়ে দিচ্ছিল, যেমনটা নিখুঁত বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নিপুণ হাতের কাজ। ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচের মুখেও মেসির প্রশংসায় এলো সেই পিকাসোরই উপমা। এই মহাতারকার জোড়া গোল আর রেকর্ড গড়ার রাতে আতলেতিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে লিগস কাপে উড়ন্ত সূচনা করেছে মায়ামি।

বিশ্বকাপের ক্লান্তি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেই নিজের চিরচেনা রূপে ঝড় তোলেন মেসি। খেলার মাত্র চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে গিয়ে মায়ামিকে বিপাকে ফেলে দিয়েছিল সান লুইস। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামির আক্রমণভাগ। একাদশ মিনিটে বাঁ প্রান্ত থেকে নোহ অ্যালেনের বাড়ানো ক্রসে দারুণ এক ভলিতে স্কোরলাইন ১-১ করেন মেসি।

খেলার পর মেসির এই দুর্দান্ত গোলটি নিয়েই মুগ্ধতা প্রকাশ করে মায়ামি কোচ গিলের্মো হোয়োস বলেন, ‘সে বাতাসে ভাসমান বলটিতে জোরালো শট করেছে। আমাদের মধ্যে যারা ফুটবল খেলেছি, তারা জানি কর্নার থেকে বা বাঁ দিক থেকে আসা ক্রসে সঠিক সময়ে ও জায়গায় পা লাগিয়ে পরিষ্কার ভলি করা কতটা কঠিন। যদি আমরা চিত্রশিল্পের কথা বলি, তবে এটি পিকাসোর কাজের মতো।’

এরপর ম্যাচের প্রথমার্ধেই মায়ামির আক্রমণভাগে শুরু হয় আসল মেসি ম্যাজিক। ২৫তম মিনিটে নোহ অ্যালেনের অ্যাসিস্ট থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে দলকে এগিয়ে নেন। এরপর বিরতির ঠিক আগে ৪৪তম মিনিটে আবারও জাদুকরী নৈপুণ্য দেখান মেসি। অ্যালেনের পাস ধরে বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে নিখুঁত শটে ব্যবধান ৩-১ করেন তিনি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির করা কর্নার কিক থেকেই দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার মিকায়েল।

এই জয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৪ গোল করে লিগস কাপের সর্বকালের সেরা গোলদাতা এখন মেসি। পেছনে ফেলেছেন ১৩ গোল করা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গাকে।

ফুটবলের জাদুকরের নান্দনিক প্রদর্শনীতে তার বন্দনায় মেতেছেন বিপক্ষ দলের কোচও। সান লুইসের কোচ ডিয়েগো মেজিয়া মেসিকে নিয়ে ম্যাচ শেষে বলেন, ‘মেসি যদি কাউন্টারে খেলে, সে সেরা; আপনি যদি রক্ষণ জমাট রেখে তাকে বেশি সময় বল দেন, তবুও সে সেরা। তাই আমার সিদ্ধান্ত ছিল আমাদের নিজেদের খেলার ধরনে অটল থাকা। আমরা অবশ্যই বড় চিত্রটি দেখি, তবে আমরা ইতিহাসের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি।’

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সান লুইসের রাফা লোরেন্তে একটি গোল শোধ করলেও মায়ামির জয় আটকাতে পারেনি। ৬৮তম মিনিটে স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত ও বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ কিছুক্ষণের জন্য স্থগিত রাখতে হয়। পরে খেলা পুনরায় শুরু হলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। আগামী ৮ আগস্ট মন্টেরেইয়ের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মায়ামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত