তোফায়েল আহমেদের বিচার শুরুর আদেশ      

আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:৫৯ এএম

দুই যুগ আগের অর্থ আত্মসাতের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ দুজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় গতকাল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

এর আগে গত মঙ্গলবার তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার সময়ের আবেদন করে বলেন, ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে তিনি অক্ষম। তার মানসিক অবস্থা পরীক্ষাসহ অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন আইনজীবী। আদালত আবেদন নামঞ্জুর করে ৭ মে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

মামলার অন্য দুই আসামি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। তিন আসামির মধ্যে মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দিচ্ছেন। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলামের  করা মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত