মার্কিন আদালতে নাজেহাল ট্রাম্প

আপডেট : ০৮ মে ২০২৬, ১১:০৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করেছেন মার্কিন বাণিজ্য আদালত। আদালত বলেছে, ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইন ব্যবহার করে এ ধরনের ব্যাপক শুল্ক আরোপের যৌক্তিকতা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

বৃহস্পতিবার (৭ মে) ইউনাইটেড স্টেটস অব ইন্টারন্যাশনাল ট্রেড ক্ষুদ্র ব্যবসায়ীদের করা এক মামলায় এই রায় দেয়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া শুল্কের বিরুদ্ধে ব্যবসায়ীরা আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। ২-১ ভোটের ব্যবধানে দেওয়া রায়ে আদালত শুল্ক আরোপের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। তবে ভিন্নমত দেওয়া একজন বিচারক মন্তব্য করেন, এই পর্যায়ে বাদীপক্ষকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা সময়ের আগে হয়ে যেতে পারে। 

মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করেন, নতুন এই শুল্ক মূলত মার্কিন সুপ্রিম কোর্টের আগের এক ঐতিহাসিক সিদ্ধান্তকে পাশ কাটানোর চেষ্টা। এর আগে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’-এর আওতায় ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের আরোপ করা আরেক দফা শুল্ক বাতিল করেছিলেন সুপ্রিম কোর্ট। আদালতের দাবি, ট্রাম্প প্রশাসন যে ধরনের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করেছে, তা মোকাবিলায় এই আইন প্রয়োগ উপযুক্ত ছিল না।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, যুক্তরাষ্ট্রের বার্ষিক ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য ঘাটতি এবং জিডিপির প্রায় ৪ শতাংশ সমপরিমাণ চলতি হিসাব ঘাটতির কারণে কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল। তবে অনেক অর্থনীতিবিদ ও বাণিজ্য আইন বিশেষজ্ঞ মনে করছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন কোনো ‘ব্যালেন্স অব পেমেন্ট’ সংকটে নেই, যা এই ধরনের শুল্ক আরোপকে বৈধতা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত