মন্ত্রীদের এলাকাতেই উন্নয়ন বেশি হয়: গোলাম পরওয়ার

আপডেট : ০৮ মে ২০২৬, ০৪:২৫ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা যখন ক্ষমতায় যায়, সে দলের মন্ত্রীদের এলাকাতেই উন্নয়ন বেশি হয়। তিনি অভিযোগ করে বলেন, যেসব এলাকায় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অবস্থান রয়েছে, সেসব এলাকায় তুলনামূলক বেশি উন্নয়ন দেখা যাচ্ছে। অথচ যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেখানে উন্নয়নের গতি অনেক কম এমন প্রশ্নও রাখেন তিনি।

তিনি বলেন, সরকার গণতন্ত্র ও মুক্ত ট্রেড ইউনিয়নের কথা বললেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচনের নীতি গ্রহণ করছে। সব ক্ষেত্রে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং কোনো বিদেশি চাপ বা ‘প্রেসক্রিপশন’-এ দেশ পরিচালিত হওয়া উচিত নয়।

শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেলওয়ে শ্রমিকরা ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন শ্রমিকস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনও রেলওয়ে খাতে দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নতুন সিটি করপোরেশন ও উপজেলা গঠনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জামায়াতের সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। যেসব এলাকায় মন্ত্রী নেই, সেসব এলাকায়ও যেন নজর দেওয়া হয়, সে আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা আরও বলেন, বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলেও এখনও বাস্তবে বৈষম্য দূর হয়নি। তিনি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত