বাংলাদেশের মুন্সিগঞ্জের একটি খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রে আদালতে একজনকে ১৫ বছরের সাজা দেয়া হয়েছে। খুনের ঘটনাটি পাঁচ বছর আগের। সাজাপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে নিহতের ভাতিজা হন।
বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিওকে ১৫ বছরের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নিহত এবং সাজাপ্রাপ্ত দুজনই মার্কিন নাগরিক।
ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
আদালতের নথি ও জবানবন্দিতে উল্লেখ করা হয়, গ্যানেট রোজারিও বাংলাদেশে তাঁর চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। ২০২১ সালে বাংলাদেশে এসে তাঁরা দুজনই একটি বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে ঘটনাটি ঘটে।
জানা যায়, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট নিজেদের ঘরের বাইরে চাচার শোবার ঘরের জানালার কাছে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে চাচাকে তাঁকে নিয়ে গালমন্দ করতে শোনেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি জানালা দিয়ে মাইকেল রোজারিওকে গুলি করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ২০২৪ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়।
