মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৩৫ এএম

মাদারীপুরে জায়গাজমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত খোকন তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া ঘটমাঝি গ্রামের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আহতদের স্বজনরা জানান, খোকন তালুকদার ও মিঠু তালুকদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় ১০ দিন আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়। তবে সালিশের সিদ্ধান্ত নিয়ে উভয় পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খোকন তালুকদারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘জায়গা জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত