ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আনসার সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউমার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক, মুন্নাসহ আরও দুজন।
আহত আনসার সদস্য এম এইচ মানিক বলেন, প্রতিদিন পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার জন্য সড়কে কাজ করেন তারা। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের মতো হকার বসতে নিষেধ করা হয়। এ সময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ছয়জন আনসার সদস্য আহত হয়েছে বলে
জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, হকারদের বসতে না দেওয়ায় ছয়জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।
