ডেভেলপারস ফোরাম উত্তরার (ডিএফইউ) উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে আবাসন খাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, রিহ্যাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএম জাহাঙ্গীর হোসেন এমপি। সভাপতিত্ব করেন ডেভেলপারস ফোরাম উত্তরার সভাপতি ইব্রাহিম সরকার।
এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং নগরায়ণে আবাসন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাত শুধু ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের প্রায় দুই শতাধিক শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। এই খাতকে টিকিয়ে রাখতে হলে নীতিগত সহায়তা, সহজ ব্যাংকঋণ এবং কর কাঠামোয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ জরুরি।
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল আবাসন খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আবাসন খাত ঘিরে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার, নীতিনির্ধারক এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতেও রিহ্যাব কাজ করবে।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ আবাসন খাতের নেতারা বক্তব্য দেন।
