পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যটি ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল।
শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, হিন্দুত্ববাদী দল বিজেপি প্রথমবারের মতো সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অগ্নিমিত্র পালও ছিলেন।
শপথ নেওয়ার পর বার্তাসংস্থা আইএএনএসকে অগ্নিমিত্র পাল বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেওয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধর্ষণ করা, পোড়ানো… আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি আমাদের সরকার রয়েছে। মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যিই কি এটি হচ্ছে কি না।
তিনি আরও বলেন, শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছি। আমরা এটিকে বাঁচাতে পেরেছি। এটি অবাস্তব অনুভূতি।
