শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরানের শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার আগে তাকে জামিন দেওয়া হয়েছে।
রবিবার এ মানবাধিকারকর্মীর পরিবার পরিচালিত নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানী তেহরানের পারস হাসপাতালে নার্গিসকে ভর্তি করা হয়েছে। নিজস্ব চিকিৎসকরাই তার চিকিৎসা করছেন।
ইরানে মানবাধিকার সুরক্ষা ও নারী নিগ্রহের বিরুদ্ধে সদা সোচ্চার নার্গিস ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন।
গত সপ্তাহে নার্গিসের পরিবারের সদস্য ও সমর্থকরা তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। বলা হয়, বছরের শুরুতে কারাগারে দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নার্গিস। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে কারাগারে থাকলে সেখানেই তার মৃত্যু হতে পারে।
নোবেলজয়ীর আইনজীবী চিরিনে আরদাকানি তার মক্কেল সম্পর্কে বলেন, আশঙ্কা করা হচ্ছে কারাগারে প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন নার্গিস। কথা বলতেও তার কষ্ট হয়। তাকে চেনাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
