চাকরির নিয়োগ পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খন্ডে আন্দোলন আরও তীব্র হয়েছে। চাকরিপ্রার্থীরা ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন। এই দাবিতে রাঁচির সিং মুন্ডা স্টেডিয়ামে গত রবিবার থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। ঝাড়খন্ডের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এরপর বিক্ষোভ আরও জোরদার হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘১৪তম প্রিলিমিনারি টেস্টের (পিটি) ফলাফল ঘোষণার মধ্য দিয়েই এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমরা ৫ জুলাই এই আন্দোলন শুরু করি, ৭ জুলাই রাজ্য সরকারের সঙ্গে সাক্ষাৎ করি এবং ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাই। এরপর ২০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দিই, যার ফলে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।’
দেবেন্দ্রনাথের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চললেও সরকার এবং ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) শিক্ষার্থীদের উদ্বেগের যথাযথ কোনো সমাধান দিতে পারেনি। তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে দেওয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। দেবেন্দ্রনাথের অভিযোগ, ঝাড়খন্ড সরকার এবং কমিশন উভয়ের বর্তমান মনোভাব রাজ্যজুড়ে ছাত্র-ছাত্রীদের মনোবল ভেঙে দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হলো ১৪তম পিটি পরীক্ষা বাতিল করা এবং টিডিপিএল সংস্থা থেকে পরিচালিত সব পরীক্ষার তদন্ত নিশ্চিত করা।’ আন্দোলনকারীদের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণে বারবার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেপিএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত ৯ দিন ধরে রাঁচিতে লাগাতার বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। রবিবার আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিলও করেন তারা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিছেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে ঝাড়খন্ডের ২৪টি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ঘটনায় তদন্ত চালিয়ে ঝাড়খণ্ড সিআইডি ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে তদন্তের পাশাপাশি আন্দোলনও চলবে বলে স্পষ্ট জানিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
রাঁচিতে চলা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা বলেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে সামাজিক মাধ্যমে তিনি ঘোষণা দেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে তাদের পাশে আছে ককরোচ জনতা পার্টি। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে জানান, ঝাড়খন্ডে জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, আন্দোলনকারীদের ন্যায্য দাবির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে।
