কাভার্ডভ্যান মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪৭ এএম

যশোরের শার্শা উপজেলায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, সোমবার সকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

অপর আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, উলাশীর খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত